ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা সুভাষচন্দ্র বসুর নিখোঁজ হয়ে যাওয়া সংক্রান্ত ২০টি গোপন ফাইল রয়েছে সেদেশের প্রধানমন্ত্রীর সচিবালয়ে। কিছু বিদেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে এই আশঙ্কায় ওই গোপন নথিগুলি প্রকাশ করা হয় না, এই সংক্রান্ত কোনও প্রশ্ন দেশের সংসদেও ওঠানো যাবে না বলে ভারতের এক সংসদ সদস্যকে চিঠি দিয়ে জানিয়েছে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সচিবালয়। পার্লামেন্টের উচ্চ কক্ষ রাজ্যসভায় সুভাষচন্দ্র বসুর বিষয়ে প্রশ্ন করতে চাওয়ার পরেও কেন সেই প্রশ্নগুলি করতে দেওয়া হয় না তারই খোঁজ করতে গিয়ে পার্লামেন্ট সচিবালয় থেকে ওই নোট পাঠানো হয়েছে তৃণমূল কংগ্রেস দলের সংসদ সদস্য সুখেন্দু শেখর রায়ের কাছে। বিবিসি।